গাজীপুর সদর উপজেলার নয়নপুর এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ এক শীর্ষ মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযানে তাকে আটক করা হয়। পরে তাকে জয়দেবপুর থানা পুলিশের কাছে সোপর্দ করাহয়।
আটক ব্যক্তির নাম আল-আমিন হোসেন, তিনি শ্রীপুর উপজেলার বনকুরিয়া পুকুরপাড় গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, রাজেন্দ্রপুর সেনানিবাসের পাশের নয়নপুর এলাকায় আল-আমিনের অবস্থানের তথ্য পেয়ে রাতেই অভিযান চালানো হয়। এসময় তার কাছ থেকে ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবা ও নগদ ৫ লাখ ১১ হাজার ৪৬০ টাকা উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, এসব মাদক অন্যান্য জেলায় সরবরাহের প্রস্তুতি নেওয়া হচ্ছিল।
এ বিষয়ে জয়দেবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার কর বলেন, আটক আল-আমিনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কোর্ট হাজতে পাঠানো হয়েছে। তার সাথে কারা জড়িত—সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। এবং মাদকচক্রের অন্যান্য সদস্যদেরও শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর