ইরানের নৌবাহিনী দাবি করেছে, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী USS Abraham Lincoln ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটিকে অঞ্চল থেকে সরে যেতে বাধ্য করা হয়েছে। খবর- প্রেস টিভি।
শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি) নৌবাহিনী জানায়, উন্নত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ওমান সাগরে ইরানের সামুদ্রিক সীমান্ত থেকে প্রায় ৩৪০ কিলোমিটার দূরে ওই জাহাজে নির্ভুল হামলা চালানো হয়। এতে রণতরীটি অচল হয়ে পড়ে এবং এর সঙ্গে থাকা স্ট্রাইক গ্রুপ দ্রুত এলাকা ত্যাগ করে।
আইআরজিসির কেন্দ্রীয় সদর দপ্তর ‘খাতাম আল–আম্বিয়া’ জানিয়েছে, এই হামলার মাধ্যমে ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অবস্থান আবারও তুলে ধরেছে।
এর আগে বৃহস্পতিবার ইরানের নতুন সর্বোচ্চ নেতা Mojtaba Khamenei–এর প্রথম বার্তার পরপরই বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের ঘাঁটিতেও হামলা চালানোর দাবি করে আইআরজিসি।
আইআরজিসির জনসংযোগ বিভাগ জানায়, বাহরাইনের Mina Salman Naval Base–এ দুটি ধাপে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। এতে ঘাঁটির গুরুত্বপূর্ণ স্থাপনা—ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ এলাকা, সহায়ক সরঞ্জাম এবং জ্বালানি ট্যাংক লক্ষ্য করে আঘাত হানা হয়।
ইরানি কর্তৃপক্ষের দাবি, এসব হামলায় মার্কিন সামরিক স্থাপনায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি।
ইরানের সামরিক কর্মকর্তারা বলেছেন, দেশের স্বার্থ রক্ষায় এবং বিদেশি আগ্রাসনের মোকাবিলায় তারা সবসময় প্রস্তুত রয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর