শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে মাদকবিরোধী ডকুমেন্টারি প্রদর্শন, ইভটিজিং প্রতিরোধ, ‘র্যাগ ডে’-এর নামে বিশৃঙ্খলা রোধ এবং শিক্ষার্থীদের রাতের পড়াশোনায় মনোযোগী করার জন্য গ্রহণ করা পদক্ষেপের তথ্য আগামী ৩০ মার্চের মধ্যে নির্ধারিত ই-মেইলে পাঠাতে বলা হয়েছে।
রবিবার (১৫ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এ বিষয়ে একটি চিঠি জারি করেছে। চিঠিটি আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের কাছে পাঠানো হয়েছে এবং বিষয়টি ‘অত্যন্ত জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, গত ২৫ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার সঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভায় কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক নির্মিত মাদকবিরোধী ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শনের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এ ছাড়া ইভ টিজিং প্রতিরোধ, ‘র্যাগ ডে’-এর নামে বিশৃঙ্খলা বন্ধে গৃহীত পদক্ষেপ এবং শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় উৎসাহিত করতে সচেতনতা বৃদ্ধির কার্যক্রমের অগ্রগতির তথ্য ৩০ মার্চের মধ্যে ই-মেইল (director.mew@gmail.com) ঠিকানায় পাঠাতে বলা হয়েছে।
এ পরিস্থিতিতে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের নিজ নিজ অঞ্চলের জেলা ও উপজেলা পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের গৃহীত পদক্ষেপের অগ্রগতি প্রতিবেদন সংগ্রহ করে নির্ধারিত ছক অনুযায়ী একত্রে কম্পাইল করে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করতে হবে—অঞ্চলের নাম, অঞ্চলের আওতাধীন প্রতিষ্ঠানের সংখ্যা, বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের শতকরা হার, বাস্তবায়ন করতে না পারা প্রতিষ্ঠানের শতকরা হার (যদি থাকে), না পারার কারণ এবং প্রয়োজনীয় মন্তব্য।
কুশল/সাএ
সর্বশেষ খবর