সাভারে যাত্রী ভাড়ার তালিকা প্রদর্শন না করা এবং নির্ধারিত ভাড়ার চার্ট অনুযায়ী টিকিট বিক্রি না করার অভিযোগে দুটি বাস কাউন্টারকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় অন্য কাউন্টারগুলোকেও বাড়তি ভাড়া না নেওয়ার জন্য সতর্ক করা হয়।
মঙ্গলবার দুপুরে সাভারের নবীনগর বাস কাউন্টারে এ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে উপজেলা প্রশাসন নিয়মিত তদারকি চালাচ্ছে। এরই অংশ হিসেবে নবীনগর বাস কাউন্টারগুলোতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে একটি কাউন্টার ভাড়ার তালিকা প্রদর্শন না করে টিকিট বিক্রি করছিল এবং অপর একটি কাউন্টার নির্ধারিত ভাড়ার চার্ট অনুযায়ী টিকিট বিক্রি না করে বেশি টাকায় টিকিট বিক্রি করছিল। এসব অনিয়মের দায়ে দুই কাউন্টারকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, ঈদ যাত্রা চলাকালীন যাত্রীদের ভোগান্তি ও অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর