বিগত আন্দোলন-সংগ্রামে গুম ও খুনের শিকার হওয়া শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের হাসপাতাল সড়কে বিএনপির দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খান। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ।
প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান বলেন, আন্দোলন-সংগ্রামে যারা জীবন দিয়েছেন বা গুম-খুনের শিকার হয়েছেন, তাদের পরিবার আমাদের কাছে শুধু দায় নয়, একটি নৈতিক দায়িত্ব। বিএনপি সবসময় শহীদ পরিবারের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। তাদের অধিকার ও সম্মান প্রতিষ্ঠায় আমরা কাজ করে যাব।
সভাপতির বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ বলেন, শহীদ পরিবারের ত্যাগের বিনিময়ে গণতন্ত্রের লড়াই এগিয়ে চলছে। তাদের এই ত্যাগ কখনো বৃথা যাবে না। দলীয়ভাবে আমরা তাদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তবিবুর রহমান মিনি, আবুল কালাম আজাদ, সাবেক ছাত্রনেতা ও সাবেক ভিপি ইসরাইল হোসেন জীবন, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আমানুল্লাহ বিপুলসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয় এবং তাদের খোঁজখবর নেওয়া হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর