পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসীতে গত ঈদুল ফিতরের দিন বিটুল নামে এক ব্যক্তি ঈদগাহ মাঠে বসা অস্থায়ী দোকান থেকে চাঁদা উত্তোলন করে।
এসময় স্থানীয়দের গণপিটুনির শিকার হয় সে। তবে বিটুল যুবদলের কেউ নয়। তার সাথে যুবদলের কোনো সম্পৃক্ততা নেই।
সোমবার (২৩ মার্চ) দুপুরে পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এমন দাবি করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু। এসময় লিখিত বক্তব্য পাঠও করেন তিনি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, "জাতীয়তাবাদী যুবদল শৃঙ্খলার সাথে নিয়মের মধ্যে থেকে আমরা পরিচালনা করে আসছি। আমাদের যুবদলের পক্ষ থেকে বারবার সতর্কবার্তা দেওয়া হয় যে, আমাদের কেউ যদি কোনো অপরাধে জড়িয়ে যায়, কেউ যদি কোনো শৃঙ্খলাবিরোধী কাজ করে, আমরা তাৎক্ষণিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করি। আপনারা অতীতেও দেখেছেন।
এমতাবস্থায়, যুবদলকে ঘিরে গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশিত হয়েছে। মিথ্যাটি হলো এমন: চাঁদাবাজির ঘটনাটি সত্য, কিন্তু বিটুল নামে যে ছেলেটি, সে আমাদের যুবদলের কেউ নয়। আপনারা অবগত আছেন বা দেখেছেন, সে কিন্তু ওখানে যুবলীগের সহ-সভাপতি দায়িত্বে ছিল।"
বিটুল যুবদলের কেউ নয়, এ ব্যাপারে যুবদলকে জড়িয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ না করার জন্য সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি আহ্বান জানান। তিনি আরও বলেন, "বিটুল নামে এক ব্যক্তি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী এলাকায় ঈদগাহ মাঠে ঈদুল ফিতর উপলক্ষে বসা অস্থায়ী দোকানে চাঁদা তুলতে গিয়ে উপস্থিত মুসল্লিদের মারধরের শিকার হয়েছে।
দুঃখজনকভাবে কয়েকটি গণমাধ্যমের সংবাদে বিটুলকে যুবদল নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে। আমরা এখানে ওই টেপ্রীগঞ্জ ইউনিয়ন যুবদলের যে সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনে আমরা যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক নিজেরা আমরা সেই সম্মেলনে উপস্থিত ছিলাম। আমরা সেটি পরিষ্কারভাবে বলতে চাই, বিটুল নামে এই ছেলেটি আমাদের যুবদলের কেউ নয়। প্রকৃতপক্ষে বিটুল টেপ্রীগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি। স্বৈরাচারের দোসর বিটুলের সাথে যুবদলের দূরতম কোনো সম্পর্ক নেই। তাই যুবলীগের রাজনীতির সাথে সংশ্লিষ্ট একজনকে যুবদল পরিচয় দিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার করা সত্যিই দুঃখজনক।"
জাতীয়তাবাদী যুবদল সবসময় সুশৃঙ্খল ও আদর্শিক রাজনৈতিক চর্চায় বিশ্বাসী এবং কোনো রকমের বেআইনি, অনৈতিক ও সন্ত্রাসী কার্যকলাপকে প্রশ্রয় দেয় না। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল স্পষ্টভাবে জানিয়ে দিতে চায় যে, কোনো ব্যক্তি বা গোষ্ঠী সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড চালানোর সুযোগ নেই। তাই অপরাধীর প্রকৃত পরিচয় নিশ্চিত হয়ে সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমে কর্মরত সাংবাদিক এবং এ জাতীয় অপরাধীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক মওদুদ আহমেদসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর