ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আবুল কালাম (৬৮) নামে এক মৎস্য ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে তার মামাতো ভাইয়ের বিরুদ্ধে। মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনাটি ঘটেছে সোহাগী ইউনিয়নের আতকা পাড়া নামক স্থানে। নিহত আবুল কালাম মমরেজপুর গ্রামের সফির উদ্দিনের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আবুল কালাম সোহাগী বাজারে তার পুকুরের মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে আতকা পাড়া নামক স্থানে পৌঁছলে তার মামাতো ভাই আবুল কাসেম (৫৫) তাকে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা আবুল কালামকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত কাসেম মমরেজপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, নিহত কালাম ও কাসেম একই বাড়ির বাসিন্দা এবং তারা মামাতো-ফুফাতো ভাই। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। পুলিশের ধারণা, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আজম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সর্বশেষ খবর