ভারতের অন্ধ্রপ্রদেশে মারকাপুরাম এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে প্রকাশম জেলার এই এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি টিপার লরির মুখোমুখি সংঘর্ষ ঘটে। জেলা পুলিশ জানায়, সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়, যার ফলে অনেক যাত্রী জীবন্ত দগ্ধ হন। প্রাথমিকভাবে আটজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে নিহতের সংখ্যা বেড়ে ১২ এ দাঁড়িয়েছে। বর্তমানে প্রায় ২০ জন আহত যাত্রীকে নিকটস্থ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।
মারকাপুরামের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) নাগরাজু জানিয়েছেন, ‘হরিকৃষ্ণ ট্রাভেলস’ নামের বেসরকারি বাসটি তেলেঙ্গানার নির্মল শহর থেকে অন্ধ্রপ্রদেশের নেলোরের দিকে যাচ্ছিল। ভোর ছয়টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি টিপার লরির সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৮–২০ জন আহতকে হাসপাতালে পাঠায়। তবে আগুনের তীব্রতার কারণে উদ্ধারকাজ ব্যাহত হয় এবং নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু গভীর শোক প্রকাশ করেছেন। তিনি আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখার জন্য পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন। রাজ্য সরকার নিহতদের পরিবারের প্রতি সহায়তার আশ্বাস দিয়েছে।
অন্ধ্রপ্রদেশের আইটি মন্ত্রী নারা লোকেশও এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন যে, টিপার লরি ও বেসরকারি বাসের এই সংঘর্ষে এতগুলো প্রাণ হারানো অত্যন্ত বেদনাদায়ক।
তিনি আরও জানান, আহতদের সুচিকিৎসার বিষয়ে ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে শক্তভাবে দাঁড়াবে। তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান। বর্তমানে পুলিশ দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নিয়ে রাস্তা পরিষ্কার করার কাজ করছে এবং দুর্ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে।
সূত্র: এনডিটিভি
কুশল/সাএ
সর্বশেষ খবর