• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
মাসুদ রেজা শিশির
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৬, ০১:৫১ দুপুর

দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় প্রাণহানি বেড়ে ২৬

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩নং ফেরিঘাটে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ২৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

সকাল থেকে পদ্মা নদী থেকে ডুবুরি দল কালুখালী উপজেলার মজনু শেখের ছেলে উজ্জ্বল শেখ (২৬), বোয়ালিয়া এলাকার মৃত সানাউল্লাহর ছেলে জাহাঙ্গীর (৫৫), মদাপুর গ্রামের আফসার শেখের ছেলে আশরাফুল শেখ (২৪) এর মরদেহ উদ্ধার করেছে।

এর আগে বৃহস্পতিবার ভোর ৫টা পর্যন্ত রাজবাড়ী পৌরসভার ভবানীপুর লাল মিয়া সড়কের মৃত ইসমাইল হোসেন খানের স্ত্রী রেহেনা আক্তার (৬১), কুষ্টিয়া পৌরসভার মজমপুরের আবু বক্কর সিদ্দিকের স্ত্রী মর্জিনা খাতুন (৫৬), কুষ্টিয়া সদর উপজেলার খাগবাড়ীয়া গ্রামের হিমাংশু বিশ্বাসের ছেলে রাজীব বিশ্বাস (২৮), রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দার মৃত ডা. আব্দুল আলীমের মেয়ে জহুরা অন্তি (২৭), কাজী মুকুলের ছেলে কাজী সাইফ (৩০), গোয়ালন্দ উপজেলার চর বাকরিপাড়ার রেজাউল করিমের স্ত্রী মর্জিনা আক্তার (৩২), মেয়ে সাফিয়া আক্তার রিন্থি (১২), কুষ্টিয়ার খোকসা উপজেলার ধুশুন্দু গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ইস্রাফিল (৩), কালুখালী উপজেলার ভবানীপুর গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে ফাইজ শাহানূর (১১), রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দার কেবিএম মুসাব্বিরের ছেলে তাজবিদ (৭), গাড়ির ড্রাইভার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের পশ্চিম গাড়াকোলা গ্রামের আরব খানের ছেলে আরমান খান (৩১), কালুখালীর বেলগাছির আব্দুল আজিজের স্ত্রী নাজমিরা ওরফে জেসমিন (৩০), রাজবাড়ী সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সোবাহান মন্ডলের মেয়ে লিমা আক্তার (২৬), বড় চর বেনিনগর গ্রামের মান্নান মন্ডলের স্ত্রী জোস্ন্যা (৩৫), গোপালগঞ্জের কোটালীপাড়ার নোয়াধা গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের স্ত্রী মুক্তা খানম (৩৮), দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মথুয়ারাই গ্রামের মৃত নুর ইসলামের স্ত্রী নাছিমা (৪০), ঢাকার আশুলিয়ার বাগধুনিয়া পালপাড়ার মোঃ নুরুজ্জামানের স্ত্রী আয়েশা আক্তার সুমা (৩০), রাজবাড়ী পৌরসভার সোহেল মোল্লার মেয়ে সোহা আক্তার (১১), কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার সমসপুর গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে আয়েশা সিদ্দিকা (১৩), ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার খন্দকার বাড়িয়া গ্রামের নুরুজ্জামানের ছেলে আরমান (৭ মাস), কালুখালী উপজেলার মহেন্দ্রপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুর রহমান (৬), রাজবাড়ী সদর উপজেলার আগমাড়াই গ্রামের শরিফুল ইসলামের ছেলে সাবিত হাসান (৮), রাজবাড়ী পৌরসভার ভবানীপুর এলাকার ইসমাইল হোসেন খানের ছেলে আহনাফ তাহমিদ খান (২৫) কে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে ২৪ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজবাড়ী সদর হাসপাতালে মরদেহ রয়েছে দিনাজপুরের পার্বতীপুরের নাছিমার। পরিবারের সদস্যরা আসলে হস্তান্তর করা হবে।

গত বুধবার বিকেল ৫টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সৌহার্দ্য পরিবহনের বাসে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, দৌলতদিয়া ৩নং ফেরিঘাটে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ করেই কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস পদ্মা নদীতে পড়ে যায়।

ঘটনার পরপরই উদ্ধারকারী জাহাজ হামজা এসে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। জেলা পুলিশ, সেনাবাহিনী, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস কাজ করছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন-অর রশীদ, রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাসসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোঃ সোহেল রানা বলেন, উদ্ধারকারী জাহাজ হামজা ও মানিকগঞ্জের ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করে। বাসটি রাতে উদ্ধার করা হয়। সকাল থেকে এখন পর্যন্ত ডুবুরি দল ৩টি মরদেহ উদ্ধার কাজ করছেন।

রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মোঃ হাফিজুর রহমান বলেন, বৃহস্পতিবার ভোরে ২১ জনের ও পরে ৩ জনের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত ২৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, বাসটি কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসে। ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ২৪টি মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। বাকি দুটি মরদেহ তাদের পরিবার আসলে হস্তান্তর করা হবে। নিহতদের প্রতিটি পরিবারকে ২৫ হাজার টাকা করে ও আহতদের ১৫ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন: বাস ডুবির ঘটনায় রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার কারণ অনুসন্ধানে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজবাড়ী, সদস্যরা হলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), দৌলতদিয়া ফেরিঘাটের বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক, রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের উপ-সহকারী পরিচালক ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার। এ কমিটি আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]