ঈশ্বরগঞ্জে অষ্টমীর স্নানের মেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুপক্ষের কমপক্ষে ৪-৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলার লাঠিয়ামারী ব্রহ্মপুত্র নদের পাড়ের স্নান ঘাটে মেলার অদূরে এ ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত জুয়েল মিয়াকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, অষ্টমী স্নানের মেলা উপলক্ষে লাঠিয়ামারী স্নান ঘাট এলাকায় প্রতিবারের মতো এবারও মেলা অনুষ্ঠিত হয়। মেলার অদূরে জুয়া খেলার বোর্ড বসে। এ নিয়ে উজানচর নওপাড়া ও লাঠিয়ামারী এলাকার কয়েকজন যুবকের মাঝে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজনার সৃষ্টি হলে লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ।
লাঠিয়ামারী স্নান উৎসব পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী জনি দে জানান, অষ্টমীর স্নানের মেলায় এ ধরনের ঘটনা দুঃখজনক। পুলিশ প্রশাসনের আরও বেশি নজরদারি থাকলে এ ধরনের ঘটনা ঘটত না।
রাজীবপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলী ফকির জানান, জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে, বিষয়টি সত্য। তবে অষ্টমী মেলায় সংঘর্ষ হয়নি। সংঘর্ষের ঘটনাটি ঘটেছে উজান চর নওপাড়ার রাস্তার ওপর। জানা যায়, জুয়েল জুয়া খেলায় বাধা প্রদান করলে দুপক্ষের মাঝে সংঘর্ষ হয়। পরে সংঘর্ষটি গ্রামবাসীর মাঝে ছড়িয়ে পড়ে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আজম জানান, অষ্টমীর স্নান ঘাটে পুলিশ মোতায়েন ছিল। জুয়া খেলাকে কেন্দ্র করে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। তবে দোকান বসানোকে কেন্দ্র করে স্থানীয় লোকদের মাঝে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের রূপ নেয়। এতে জুয়েল নামে একজন আহত হন। এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর