কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার চেষ্টাকালে বিভিন্ন দেশের তিনটি জাহাজকে ফিরিয়ে দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। শুক্রবার (২৭ মার্চ) জাহাজগুলোকে ফিরিয়ে দেওয়া হয়।
আইআরজিসি’র পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন দেশের তিনটি কনটেইনার জাহাজ অনুমোদিত নৌযানের জন্য নির্ধারিত করিডোরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল। তবে আইআরজিসি’র নৌবাহিনীর পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়ার পর সেগুলো ফিরে যেতে বাধ্য হয়।
বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, ‘হরমুজ প্রণালি বন্ধ রয়েছে’। এতে আরও বলা হয়, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিত্র ও সমর্থকদের বন্দরগুলো থেকে যেকোনো করিডোর দিয়ে যেকোনো গন্তব্যে যেকোনো জাহাজের যাতায়াত নিষিদ্ধ।’
এর আগে গত বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছিলেন, ইরান এখন পর্যন্ত চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক এবং ভারতের মতো বন্ধু রাষ্ট্রগুলোর জাহাজ চলাচলের অনুরোধ গ্রহণ করেছে। তিনি আরও স্পষ্ট করেন যে, হরমুজ প্রণালিটি ‘সম্পূর্ণরূপে বন্ধ নয়, বরং শত্রুদের জন্য বন্ধ’
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের তেল ও পণ্য পরিবহনের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত এই হরমুজ প্রণালি নিয়ে বর্তমানে তীব্র উত্তেজনা বিরাজ করছে। শত্রুপক্ষ হিসেবে চিহ্নিত দেশগুলোর জন্য এই নৌপথটি ব্যবহারের ওপর কড়া নিষেধাজ্ঞা বহাল রেখেছে তেহরান।
সূত্র- বিবিসি বাংলা
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর