রাজবাড়ীর পাংশায় সাপের কামড়ে মোঃ আলিফ শেখ (০৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ভুরকুলিয়ার নিজ বাড়ির পাশে খেলার সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আলিফ শেখ ভুরকুলিয়ার মোঃ রফিকুল ইসলাম বুরোর ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আজ দুপুর আনুমানিক ১২টার দিকে শিশুটি বাড়ির সামনের কচু গাছ ও ভুট্টা খেতে খেলাধুলা করছিল। কিছু সময় পর সে দৌড়ে বাসায় এসে তার মাকে জানায় যে, তার ডান পায়ের গোড়ালি কেটে গেছে। তাৎক্ষণিকভাবে শিশুটির মা বিষয়টি গুরুত্ব না দিয়ে ক্ষতের স্থানে দাঁত মাজার পেস্ট লাগিয়ে দেন। কিছুক্ষণ পর শিশুটির মা তাকে বুকের দুধ খাওয়াতে গেলে তার মুখ দিয়ে ফেনা বের হতে দেখেন। তখনই পরিবারের সদস্যদের সন্দেহ হয় যে, শিশুটিকে বিষধর সাপে কামড়েছে। পরে শিশুটির চাচা মোঃ শহিদুল ইসলাম দ্রুত তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
অকাল এই মৃত্যুতে শিশুটির পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর