ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চলমান অব্যবস্থাপনা এবং নির্মাণাধীন ভবনের কাজ দীর্ঘদিন বন্ধ থাকার বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর এবার হাসপাতালটি পরিদর্শনে আসছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
জানা গেছে, শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টায় তিনি নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করবেন। এ সময় তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসা ব্যবস্থা, নির্মাণাধীন নতুন ভবনের অগ্রগতি এবং রোগীদের ভোগান্তির বিষয়গুলো সরেজমিনে দেখবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি হাসপাতালে নতুন ভবনের নির্মাণকাজ তিন বছরেও শেষ না হওয়া, রোগীদের বারান্দায় চিকিৎসা দেওয়া, শৌচাগার ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবসহ নানা সমস্যার চিত্র সংবাদমাধ্যমে উঠে আসে। বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
এ অবস্থায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এই পরিদর্শনকে ঘিরে স্থানীয়দের মধ্যে আশা তৈরি হয়েছে। তারা মনে করছেন, তাঁর হস্তক্ষেপে দীর্ঘদিনের সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হতে পারে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিদর্শন উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই সফরের মাধ্যমে হাসপাতালের নির্মাণকাজ দ্রুত পুনরায় শুরু ও চিকিৎসাসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা আসবে।
তাঁর আগমনকে ঘিরে স্থানীয় বাসিন্দা ও রোগীদের স্বজনরা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে করে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাওয়া যায়।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর