নড়াইলের নড়াগাতি থানার মাউলি ইউনিয়নের তেলিডাংগা গ্রামে এক গৃহবধূকে তার তালাকপ্রাপ্ত সাবেক স্বামী ধারালো ব্লেড দিয়ে নৃশংসভাবে আঘাত করে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
রোববার (৫ এপ্রিল) গভীর রাতে মাউলি ইউনিয়নের তেলিডাঙ্গা গ্রামে এই ঘটনাটি ঘটে। ওই গৃহবধূর নাম মিতু বেগম। বর্তমানে ভুক্তভোগী নারী লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তালাকপ্রাপ্ত সাবেক স্বামীর নাম নুরে আলম মল্লিক।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, তেলিডাঙ্গা গ্রামের ওবায়দুল শেখের মেয়ে মিতুর সাথে কালিয়া উপজেলার মির্জাপুর গ্রামের নুরে আলমের প্রায় দেড় মাস আগে বিচ্ছেদ হয়।
ভুক্তভোগী মিতু জানান, রবিবার রাত আনুমানিক দেড়টার দিকে তিনি ঘর থেকে বাইরে বের হলে ওত পেতে থাকা নুরে আলম তাকে পেছন থেকে ঝাপটে ধরে। এসময় হত্যার উদ্দেশ্যে ধারালো ব্লেড দিয়ে তার মুখ, চোখ ও গলায় উপর্যুপরি আঘাত করা হয়। মিতুর চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এলে হামলাকারী পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় মিতুকে উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে প্রায় ৪৫টি সেলাই দেওয়া হয়েছে। তিনি আরও জানান নুরে আলম একজন নেশাখোর। আমি তার দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করছি।
আহত মিতুর ভাই মহিদুল জানান,“আমার বোন মিতুকে দেড় মাস আগে নুরে আলমের সাথে সমাজিক ভাবে তালাক প্রদান করা হয়। নুরে আমার বোন মিতুকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে ধারালো ব্লেড দিয়ে আঘাত করে গুরুতর যখম করেছে। নুরে আলম একজন নেশাগ্রস্ত লোক এবং মাদক ব্যাবসায়ী। আমরা ওই লম্ফট নুরে আলমের বিচার দাবী করছি।”
অভিযুক্ত নুরে আলমের সংঙ্গে যোগাযোগ করে তাকে না পাওয়ায় তার বক্তব্য নেওয়া যায় নাই।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, “এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মাসুম/সাএ
সর্বশেষ খবর