শরীয়তপুরের ভেদরগঞ্জে পুরাতন ব্যাটারী হতে সীসা উৎপাদনকারী একটি কারখানা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের মহিষকান্দি এলাকায় এ অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে.এম রাফসান রাব্বি। অভিযানে সার্বিক সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও থানা পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের মহিষকান্দি এলাকায় অবৈধভাবে পুরাতন ব্যাটারী হতে সীসা উৎপাদনকারী একটি কারখানা পরিচালনা করে আসছে একটি চক্র। চক্রটি বিভিন্ন জেলা থেকে পুরাতন ব্যাটারি সংগ্রহ করে সেগুলো থেকে সীসা বের করে বিভিন্ন কোম্পানিতে বিক্রি করে থাকেন। কারখানাটির কারণে এলাকায় বিষক্রিয়া ছড়িয়ে গবাদিপশুর মারা যাচ্ছিলো বলে অভিযোগ করেন এলাকাবাসী। তাদের অভিযোগের ভিত্তিতে কিছুদিন পূর্বে বিষয়টি সেখানে অভিযান চালিয়ে কারখানাটি বন্ধের পাশাপাশি জেল ও জরিমানা করা হয়। এরপরেও প্রতিষ্ঠানটি প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আধারে তাদের কার্যক্রম চালিয়ে যায়। পরে মঙ্গলবার কয়েক ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে কারখানাটি বুলডোজার দিয়ে সম্পূর্ণ গুড়িয়ে দেয়া হয়।
এবিষয়ে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান বলেন, সীসা দূষণ পরিবেশের উপর একটি মারাত্মক হুমকি। এটি জনস্বাস্থ্য কৃষি ও প্রাণিজ সম্পদের উপর বিরূপ প্রভাব ফেলে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এর আগেও ব্যবস্থা নেয়া হয়েছিলো তারপরও তারা রাতের আধারে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলো। আজ অভিযান চালিয়ে কারখানাটি এক্সাভেটরের সাহায্যে গুড়িয়ে দেয়া হয়।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ভেদরগঞ্জ উপজেলা কমিশনার (ভূমি) কে.এম রাফসান রাব্বি বলেন, কারখানাটিতে মূলত সীসা পোড়ানোর কাজ করা হতো। তারা নিয়ম নীতির তোয়াক্কা না করে ব্যাটারি পুড়িয়ে সীসা বের করে আনতো। এসব কারণে এখানে বিষক্রিয়া ছড়িয়ে গবাদিপশু মারা যাচ্ছিলো। তাছাড়া তারা লাইসেন্স ছাড়াই কারখানাটি পরিচালনা করে আসছে। আজ এখানে অভিযান চালিয়ে কারখানাটি গুড়িয়ে দেয়া হয়েছে, পাশাপাশি ভূমির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর