পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের প্রস্তাবের পর ইরানের ওপর পূর্বনির্ধারিত বড় ধরনের হামলা অন্তত দুই সপ্তাহের জন্য স্থগিত রাখতে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগ মুহূর্তে এ ঘোষণা আসে।
তবে এই সিদ্ধান্তের সঙ্গে একটি কঠোর শর্ত জুড়ে দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, স্থগিতাদেশ তখনই বহাল থাকবে, যদি ইরান অবিলম্বে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি সম্পূর্ণ নিরাপদভাবে জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে।
ট্রাম্প তাঁর মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের বিশেষ অনুরোধে তিনি ইরানের ওপর পরিকল্পিত ‘বিধ্বংসী হামলা’ দুই সপ্তাহের জন্য স্থগিত করতে রাজি হয়েছেন।
তিনি আরও উল্লেখ করেন, দুই পক্ষের মধ্যে একটি ‘উভয়মুখী যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এর মূল শর্ত হিসেবে ইরানকে হরমুজ প্রণালি অবিলম্বে এবং নিরাপদভাবে আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য খুলে দিতে হবে।
ট্রাম্পের এই নাটকীয় ঘোষণার পেছনে পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের মধ্যস্থতা বড় ভূমিকা পালন করেছে বলে তিনি নিজেই উল্লেখ করেছেন।
বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তান সরকারের অনুরোধ এবং ইরানের পক্ষ থেকে পাওয়া ১০ দফার একটি প্রস্তাবের ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা বিশ্বাস করি, এই প্রস্তাব আলোচনার একটি কার্যকর ভিত্তি হতে পারে।’
সূত্র : রয়টার্স
কুশল/সাএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর