নড়াইলের কালিয়া উপজেলায় আসন্ন বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টায় কালিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস, কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী। সভায় বাংলা নববর্ষ উদযাপনকে আনন্দঘন, বর্ণাঢ্য ও সুশৃঙ্খলভাবে পালন করার লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি-বেসরকারি দপ্তরের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ ঐতিহ্যবাহী লোকজ মেলার আয়োজন করা হবে। জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুল মোমিন, উপজেলা প্রকৌশলী মো. আল-আমিন, কালিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম চৌধুরীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সুধীজন উপস্থিত ছিলেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর