বগুড়ার শাজাহানপুর উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কে চলন্ত অবস্থায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার সকাল আটটার দিকে উপজেলার সি-ব্লক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে বাসে আগুন লাগার সঙ্গে সঙ্গেই যাত্রীরা দ্রুত নিচে নেমে আসায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে কুড়িগ্রামের উদ্দেশে ছেড়ে আসা ‘কুড়িগ্রাম ট্রাভেলস’ নামের একটি বাস শাহজাহানপুর উপজেলার সি-ব্লক এলাকায় পৌঁছালে হঠাৎ সেটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন বাসের ভেতরে ছড়িয়ে পড়তে শুরু করে। খবর পেয়ে শাজাহানপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শাজাহানপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটির ব্যাটারি থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও বাসের একটি বড় অংশ পুড়ে গেছে। শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু জাররা জানান, চলন্ত বাসে আগুন লাগার পর চালক দ্রুত বাসটি থামিয়ে দেন। এতে যাত্রীরা দ্রুত নিরাপদ স্থানে নেমে যেতে সক্ষম হন। তবে বাসে ঠিক কতজন যাত্রী ছিলেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর