পুরানো সব গ্লানি মুছে নতুনকে আবাহনের মধ্য দিয়ে গাজীপুরের কালীগঞ্জে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষ-১৪৩৩। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।
বর্ষবরণের মূল আকর্ষণ ছিল সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া একটি নান্দনিক বৈশাখী শোভাযাত্রা। ঢোল-তবলা, মাথাল, লাঙ্গল, কৃষি সামগ্রী, পালকি ও লোকজ ঐতিহ্যের বিভিন্ন অনুষঙ্গে সজ্জিত এই র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এতে প্রশাসনের কর্মকর্তা, শিক্ষার্থী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী গান, নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন। কোমলমতি শিক্ষার্থীদের এই পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। এছাড়া উৎসবের অন্যতম ঐতিহ্য হিসেবে উপজেলা পরিষদের পক্ষ থেকে উপস্থিত সবার জন্য ‘দই-চিড়া ও কলা’র বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করা হয়, যা অনুষ্ঠানে এক ভিন্ন মাত্রা যোগ করে এবং এক আনন্দঘন মিলনমেলার সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলাম। তিনি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, “বাংলা নববর্ষ আমাদের জাতীয় চেতনার অবিচ্ছেদ্য অংশ। এটি কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয়, বরং দল-মত নির্বিশেষে সকল বাঙালির অসাম্প্রদায়িক উৎসব। নতুনের এই আবাহনে আমাদের শপথ হোক সমাজ থেকে অন্যায়-অবিচার দূর করে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া।”
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের এই গোছানো ও আনন্দময় আয়োজনে কালীগঞ্জের সর্বস্তরের মানুষ অংশ নিয়ে দিনটিকে স্মরণীয় করে রাখেন। সব মিলিয়ে গান-গল্প আর আড্ডায় নতুন বছরের প্রথম দিনটি কালীগঞ্জবাসীর জন্য হয়ে ওঠে উৎসবমুখর।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর