"নতুন বছরের নতুন সাজে, হাসবে শিশু সবার মাঝে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নববর্ষে ঠাকুরগাঁওয়ের সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়ালো কর্নেট সাংস্কৃতিক সংসদ। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও আশ্রমপাড়া শিশু পার্কে প্রায় তিন শতাধিক অসহায়, দুস্থ ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে প্রত্যেকের হাতে নববর্ষের উপহারস্বরূপ নতুন জামা তুলে দেয় সংগঠনটি। কর্নেট সাংস্কৃতিক সংসদ ঠাকুরগাঁওয়ের সভাপতি সিদ্দিক বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শিশুদের হাতে নতুন জামা তুলে দেন জেলা বিএনপির সভাপতি ও মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সল আমিন। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, বীর মুক্তিযোদ্ধা নুর করিম, সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রবাল চৌধুরী সহ অনেকে।
নতুন জামা পেয়ে রাবেয়া আক্তার নামের সুবিধা বঞ্চিত এক শিশুর মা বলেন, মানুষের বাসায় কাজ করে যা পাই তা দিয়ে সংসার কোনরকমে চলে যায়। বাচ্চাদের বাড়তি আবদার কখনও পূরণ করা হয় না। আমার ৬ বছরের আর ৪ বছরের দুটো বাচ্চাই নতুন জামা পেয়ে ভীষণ খুশি হয়েছে আর ওদের খুশি দেখে আমারও ভালো লাগছে।
সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে এমন উদ্যোগের প্রশংসা করে জেলা বিএনপির সভাপতি ও মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সল আমিন জানান, এ ধরনের দিনে অনেক সংগঠনই আছে যারা নানা উদ্যোগ গ্রহণ করে। অনেক অর্থ খরচ করে জমজমাট নানা আয়োজন করে। কিন্তু সুবিধা বঞ্চিত এসব শিশুদের নিয়ে এরা ভাবছে এটা প্রশংসার দাবিদার। সবাই যদি এভাবে কারণে অকারণে এসব শিশুদের পাশে দাঁড়াতো তবে পরিবেশটাই হয়তো অন্য রকম হতো।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর