রাজধানীর মোহাম্মদপুরে আসাদুল হক ওরফে লম্বু আসাদুল (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুরের সাদেক খানের ইটখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত ১২ এপ্রিল একই এলাকায় কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষে এলেক্স ইমন গ্রুপের প্রধান ইমন ওরফে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যা করা হয়।
পুলিশ জানায়, মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকার তিনরাস্তা থেকে হাজারীবাগ যাওয়ার পথে সাদেক খানের ইটখোলা এলাকায় আসাদুলের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এডিসি জুয়েল রানা জানান, নিহত আসাদুল হক বরিশালের গৌরনদী উপজেলার কালনা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি মোহাম্মদপুরের মেট্রো হাউজিং এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশের প্রাথমিক ধারণা, পূর্বশত্রুতার জেরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে কাজ করছে পুলিশ।
মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিহত আসাদুল হক ওরফে লম্বু আসাদুলের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদক, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কুশল/সাএ
সর্বশেষ খবর