সরকারি চাকরিজীবীদের জন্য তেল পাম্পে বিশেষ জরুরি লাইন চালুর নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এক ঘণ্টা করে এই সেবা কার্যকর থাকবে।
বৃহস্পতিবার থেকে শরীয়তপুরের জাজিরা উপজেলায় এই ব্যবস্থা চালু হয়েছে। এর আগে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় শিক্ষক, অ্যাম্বুল্যান্সসহ জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহনগুলোকে অগ্রাধিকার দিয়ে জ্বালানি সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছিল।
জাজিরা উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুকের স্বাক্ষরিত নির্দেশনায় জানানো হয়, উপজেলার মোসার্স হাসান মাহমুদ নায়েব ফিলিং স্টেশনে হাসপাতাল, বিদ্যুৎ বিভাগ, অ্যাম্বুল্যান্স, থানা, ফায়ার সার্ভিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য পৃথক লাইনে জ্বালানি সরবরাহ করা হবে।
প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এবং সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত এই জরুরি সেবা চালু থাকবে। পাম্পে তেল থাকা সাপেক্ষে এই সেবা প্রযোজ্য বলে জানানো হয়েছে।
এই সূচি অনুযায়ী পাম্পে উপস্থিত থেকে সরকার নির্ধারিত পদ্ধতিতে জ্বালানি বিতরণ কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর