নড়াইলের কালিয়া উপজেলার মহাজন এলাকার নবগঙ্গা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় একজনকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার (১৮ এপ্রিল) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম এ জরিমানা করেন। অভিযুক্ত ব্যক্তির নাম নাজির খান (৫৭)। তিনি উপজেলার মির্জাপুর গ্রামের মৃত রতন খানের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মহাজন এলাকায় নবগঙ্গা নদী থেকে ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলামের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত দুইটি ড্রেজারসহ মূলহোতা নাজির খান ও তার তিন সহযোগীকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল ইসলাম জানান, “অবৈধভাবে বালু উত্তোলন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নাজির খানকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। একই সঙ্গে তারা ভবিষ্যতে আর কখনও বালু উত্তোলন করবে না মর্মে মুচলেকা নেওয়া হয়েছে এবং ওই এলাকা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।”
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর