দক্ষিণ লেবাননে ইসরায়েলের একাধিক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন। এ ঘটনায় দেশটিতে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি নতুন করে উত্তেজনার মুখে পড়েছে।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, বুধবার আত-তিরি গ্রামে একটি গাড়িতে ইসরায়েলি হামলায় প্রথমে দুজন নিহত হন।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, দক্ষিণ লেবাননে তারা দুটি যানবাহনে হামলা চালিয়েছে, যা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহৃত একটি সামরিক স্থাপনা থেকে বের হয়েছিল। পরে একই এলাকায় একটি ভবনে আরেকটি বিমান হামলায় এক সাংবাদিক আহত হয়ে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। পরবর্তীতে স্থানীয় একটি সংবাদমাধ্যমের কর্মী আমাল খলিলকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আহত সাংবাদিক জেইনাব ফারাজকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযোগ করেছে, সাংবাদিকরা যে ভবনে আশ্রয় নিয়েছিলেন সেটিকেও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পাশাপাশি আহতদের উদ্ধারকাজ ব্যাহত করতে সড়কেও হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
লেবাননের তথ্যমন্ত্রী এ হামলার তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালায় না এবং উদ্ধার কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগও অস্বীকার করেছে।
এর আগে গত মাসেও দক্ষিণ লেবাননে একটি চিহ্নিত সংবাদমাধ্যমের গাড়িতে হামলায় তিন সাংবাদিক নিহত হন।
অন্যদিকে, একইদিনে দক্ষিণ লেবাননের ইয়োহমর আল-শাকিফ এলাকায় পৃথক হামলায় আরো দুইজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন।
হিজবুল্লাহর পাল্টা দাবি
হিজবুল্লাহ জানিয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে তারা ড্রোন হামলার মাধ্যমে ইসরায়েলের একটি সামরিক অবস্থান লক্ষ্যবস্তু করেছে। তবে ইসরায়েলি বাহিনীর দাবি, তারা ওই ড্রোনটি ভূপাতিত করেছে।
গত কয়েক মাস ধরে সীমান্ত এলাকায় উত্তেজনা অব্যাহত রয়েছে। বিভিন্ন সূত্র মতে, ইসরায়েলের ধারাবাহিক হামলায় লেবাননে এখন পর্যন্ত দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
যুদ্ধবিরতি নিয়ে আলোচনা
আগামী রবিবার শেষ হতে যাওয়া যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা চলছে। লেবাননের প্রেসিডেন্ট জানিয়েছেন, তারা যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর চেষ্টা চালিয়ে যাবেন।
আহত হয়ে ফরাসি সেনার মৃত্যু
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, গত সপ্তাহে লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর হামলায় আহত দ্বিতীয় এক ফরাসি সেনা মারা গেছেন। তিনি এ ঘটনার জন্য হিজবুল্লাহকে দায়ী করেছেন। চিফ কর্পোরাল অ্যানিসেট জিরার্দিন নামের ওই সেনা ১৮ এপ্রিল গুরুতর আহত হন এবং মঙ্গলবার তাকে ফ্রান্সে নেওয়ার পর মৃত্যু হয়।
লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী, ইউনিফিল জানিয়েছে প্রাথমিক মূল্যায়নে ইঙ্গিত পাওয়া গেছে, হামলাটি অরাষ্ট্রীয় পক্ষ, সম্ভবত হিজবুল্লাহর পক্ষ থেকে চালানো হয়েছিল। ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি এক বিবৃতিতে এই ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
সূত্র: আল-জাজিরা
কুশল/সাএ
সর্বশেষ খবর