ময়মনসিংহের ভালুকায় কৃষকদের নিয়ে আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষ ও টেকসই কৃষি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক নার্সারির উদ্যোগে ২৬ এপ্রিল ( রোববার) সকাল ১০টা থেকে দিনব্যাপী উপজেলার সেভেন স্টার হোটেলে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে ভালুকা উপজেলা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে ৬০ জনের বেশি কৃষক অংশ নেন। এতে হাইব্রিড ও দেশি পেঁপের বৈশিষ্ট্য, উন্নত জাত নির্বাচন, মাটি ও সার ব্যবস্থাপনা, জমি প্রস্তুতি, আগাছা দমন, সেচ ও পানি নিষ্কাশন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া চারা রোপণের উপযুক্ত সময়, পরিচর্যা, সুষম সার প্রয়োগ এবং ফুল ও ফল ঝরা রোধে করণীয় বিষয়গুলো হাতে-কলমে শেখানো হয়। পেঁপের রোগবালাই প্রতিরোধ, আধুনিক প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ কৌশল নিয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুন নাহার মিতু। অনুষ্ঠানে ব্র্যাক নার্সারি এন্টারপ্রাইজের সহকারী ব্যবস্থাপক (অপারেশনস) মো. ইসমাইল হোসেন ও ভালুকা নার্সারির ব্যবস্থাপক মো. জোবায়ের নূরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আয়োজকেরা জানান, পেঁপে চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, সঠিক রাসায়নিক প্রয়োগ এবং রোগবালাই নিয়ন্ত্রণের মাধ্যমে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। উল্লেখ্য, ভালুকা উপজেলায় ব্র্যাক নার্সারি নিয়মিতভাবে কৃষি বিষয়ক পরামর্শ প্রদান, উন্নত জাতের বীজ ও চারা বিক্রি এবং কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধানে সহায়তা দিয়ে আসছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর