• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ২ ঘন্টা পূর্বে
মো. রিয়াদ হোসাইন
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত : ০৫ মে, ২০২৬, ০৮:১৯ রাত

কালীগঞ্জে বিদ্যুতের খুঁটি উপড়ে প্রাণ হারালেন স্কুল শিক্ষিকা, আহত ২

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

গাজীপুরের কালীগঞ্জে টঙ্গী-ঘোড়াশাল-সিলেট আঞ্চলিক মহাসড়কে ঝড়ের কবলে বিদ্যুতের খুঁটি উপড়ে চলন্ত অটোরিকশার ওপর পড়ে এক স্কুল শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিউলি (৩৫) নামের ওই শিক্ষিকা স্থানীয় শিমুলিয়া এলাকার হাসানের মেয়ে এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। এই ঘটনায় অটোরিকশায় থাকা আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার নাগরী ইউনিয়নের শিমুলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে আকস্মিক ঝড় ও বৃষ্টির সময় শিউলি অটোরিকশায় করে গন্তব্যে যাচ্ছিলেন। পথে শিমুলিয়া রেলগেটের পূর্ব পাশে পাওয়ার প্লান্ট অফিসের সামনে পৌঁছালে রাস্তার পাশে থাকা পল্লী বিদ্যুতের একটি খুঁটি সরাসরি অটোরিকশাটির ওপর ভেঙে পড়ে। ওই সময় খুঁটিতে বিদ্যুৎ সংযোগ সচল থাকায় ঘটনাস্থলেই শিউলির মৃত্যু হয়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত দুইজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে, একটি খুঁটি ভেঙে পড়ার সময় তারের টানে লাইনের আরও অন্তত ১০ থেকে ১২টি খুঁটি রাস্তার ওপর হেলে পড়ে। লাইনে বিদ্যুৎ থাকায় ছিঁড়ে পড়া তারগুলো পাশের একটি পুকুরে পড়লে মুহূর্তেই পুকুরের সব মাছ মরে ভেসে ওঠে। ঘটনার পরপরই পুরো এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং টঙ্গী-ঘোড়াশাল-সিলেট আঞ্চলিক মহাসড়কে হাজার হাজার যানবাহন আটকা পড়ে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে নারী, শিশুসহ সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

ঘটনার বিষয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তাদের অভিযোগ, কালীগঞ্জ পল্লী বিদ্যুতের এই নতুন লাইনটির কাজ সম্প্রতি শেষ হয়েছে। কিন্তু খুঁটিগুলো বসানোর সময় নিয়ম অনুযায়ী গভীরতা নিশ্চিত করা হয়নি এবং গোড়ায় পর্যাপ্ত মাটি দেওয়া হয়নি। ফলে সামান্য ঝড় ও বৃষ্টিতেই খুঁটিগুলো আলগা হয়ে জনজীবনের ওপর মরণফাঁদ হিসেবে দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা আব্দুল আলীম বলেন, "অব্যবস্থাপনার কারণেই আজ একজন শিক্ষিকার প্রাণ গেল। খুঁটিগুলোর গোড়া শক্ত থাকলে এমনটি হতো না।"

এ বিষয়ে বক্তব্য জানতে কালীগঞ্জ পল্লী বিদ্যুত জোনাল অফিসের উপ-পরিচালক মো. আক্তার হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে খবর পেয়ে কালীগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিস থেকে দ্রুত লাইনের সংযোগ বিচ্ছিন্ন করার ব্যবস্থা নেওয়া হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। মহাসড়কে যানজট নিরসন ও শৃঙ্খলা ফেরাতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।"

শেষ খবর পাওয়া পর্যন্ত, পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় রাস্তা থেকে খুঁটিগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে অকালপ্রয়াত প্রিয় শিক্ষিকার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]