ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইসরায়েল-লেবানন সীমান্ত এলাকায় ড্রোন হামলায় তাদের এক রিজার্ভ সার্জেন্ট নিহত হয়েছেন। বিষয়টি জানিয়েছে জেরুজালেম পোস্ট।
নিহত সেনার নাম আলেক্সান্ডার গ্লোভানিয়ভ (৪৭)। তিনি পেতাহ তিকভা-এর বাসিন্দা এবং রিজার্ভ ফার্স্ট সার্জেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আইডিএফ জানায়, তিনি লজিস্টিক ও প্রযুক্তি ডিরেক্টরেটের অধীন ৬৯২৪তম ট্রান্সপোর্ট ব্যাটালিয়নে লিড ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনাটি ঘটে রোববার, যখন সীমান্তবর্তী এলাকায় হিজবুল্লাহ-এর ছোঁড়া একটি ফাইবার-অপটিক ড্রোন তার চালানো ট্যাংক ক্যারিয়ারে আঘাত হানে। এতে বিস্ফোরণ ঘটে এবং তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয় বলে আইডিএফ জানায়।
প্রাথমিক তদন্তে বলা হয়েছে, ড্রোনটি ইসরায়েলি সীমান্তের ভেতরে একটি সামরিক পোস্টের কাছে আঘাত হানে। সেনারা তাকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও সূত্রের বরাত দিয়ে বলা হয়, ড্রোন শনাক্ত করতে ব্যর্থ হওয়ায় কোনো আগাম সতর্কতা দেওয়া সম্ভব হয়নি, যার ফলে এই প্রাণহানি ঘটে।
এই ঘটনার পর ইসরায়েল-লেবানন সীমান্তে উত্তেজনা আরও বেড়ে গেছে বলে মনে করা হচ্ছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর