• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৩৬ মিনিট পূর্বে
সাইফুল ইসলাম তালুকদার
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত : ১৪ মে, ২০২৬, ০২:৩০ দুপুর

ঈশ্বরগঞ্জ-উচাখিলা সড়ক খানাখন্দে বেহাল, দুর্ভোগে হাজারো মানুষ ও কৃষক

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা শিমুলতলী মোড় থেকে উচাখিলা বাজার পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ ও গর্ত সৃষ্টি হওয়ায় এটি এখন জনদুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ সড়কে পরিণত হয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়কটি প্রায় এক যুগ ধরে বড় ধরনের সংস্কারের মুখ দেখেনি বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিন উচাখিলা, রাজিবপুর, বড়হিত, তারুন্দিয়া—এ পাঁচটি ইউনিয়নের হাজার হাজার মানুষ চলাচল করেন। ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় কাজে এ সড়কের ওপর নির্ভরশীল স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বিশেষ করে ব্রহ্মপুত্র নদ তীরবর্তী উচাখিলা ও রাজিবপুর এলাকার কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন।

এ দুই ইউনিয়নে বিপুল পরিমাণ শাকসবজি উৎপাদিত হয়, যা দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে ঢাকায় সরবরাহ করা হয়। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে কৃষিপণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। ফলে উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা।

উচাখিলা ইউনিয়নের মরিচারচর গ্রামের কৃষক আব্দুস সাত্তার বলেন, "আমাদের মরিচারচর, চর আলগি, রফিয়ার আলগি ও আলাদিয়ার আলগি গ্রামের অধিকাংশ কৃষক ধানের চেয়ে শাকসবজি চাষ বেশি করেন। কিন্তু রাস্তার কারণে পাইকাররা এখন আর গাড়ি নিয়ে চরে আসতে চান না। এতে আমরা উৎপাদিত পণ্য ঠিকমতো বিক্রি করতে না পেরে লোকসানের মুখে পড়ছি।"

একই অভিযোগ করেন রাজিবপুর ইউনিয়নের কৃষক এমদাদুল হক। তিনি জানান, উজান চর নওপাড়া, ভাটিচর নওপাড়া, চর রামমোহন ও সীমারবুক এলাকার প্রায় ২১ হেক্টর (পাঁচ হাজার কাঠা) জমিতে শিম, লাউ, আলু, বরবটি, ঝিঙা, বেগুন ও বিভিন্ন ধরনের সবজি চাষ হয়। পরিবহন সংকটের কারণে এসব এলাকার কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

স্থানীয় বাসিন্দা ও কৃষকদের দাবি, দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে সড়কটির পূর্ণাঙ্গ সংস্কার করা হোক, যাতে জনদুর্ভোগ কমে এবং কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে পারেন।

উচাখিলা ইউনিয়নের সমাজসেবক ফেরদৌস কোরাইশি টিটু বলেন, "ঈশ্বরগঞ্জ-উচাখিলা সড়কটি শুধু একটি রাস্তা নয়, এটি এই অঞ্চলের মানুষের জীবন ও জীবিকার প্রধান অবলম্বন। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় সাধারণ মানুষ যেমন দুর্ভোগে পড়েছেন, তেমনি কৃষকরাও তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে গিয়ে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে চরাঞ্চলের কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাই, দ্রুত সময়ের মধ্যে সড়কটির পূর্ণাঙ্গ সংস্কারের উদ্যোগ নেওয়া হোক, যাতে এলাকার মানুষের দুর্ভোগ কমে এবং স্থানীয় অর্থনীতি আবার সচল হয়।"

উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হক খান সেলিম বলেন, "ঈশ্বরগঞ্জ-উচাখিলা সড়কটি আমাদের এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও কৃষক সবাই চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বিশেষ করে কৃষিপণ্য পরিবহনে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় স্থানীয় কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরের নজরে নেওয়া হয়েছে। আমি ব্যক্তিগতভাবে আমাদের জাতীয় সংসদ সদস্য মহোদয়ের কাছে সড়ক সংস্কারের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছি এবং সওজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।"

সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এর ময়মনসিংহ জেলা উপ বিভাগীয় প্রকৌশলী মোফাখখারুল ইসলাম বলেন, "ঈশ্বরগঞ্জ-উচাখিলা সড়কের বেহাল অবস্থার বিষয়টি আমাদের নজরে এসেছে। সড়কটির বর্তমান অবস্থা পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার কাজের জন্য একটি পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট কারিগরি টিমকে সরেজমিনে পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে সড়কটির সংস্কার কাজ শুরু করা হবে, যাতে স্থানীয় জনগণ ও কৃষকদের দুর্ভোগ লাঘব হয়।"

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]