• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১৩ মিনিট পূর্বে
শাহীন মাহমুদ রাসেল
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত : ১৭ মে, ২০২৬, ০৯:১৬ সকাল

ছাত্রদল নেতার পোস্টে 'হা হা' রিয়েক্ট, ছেলেকে বাঁচাতে নিহত মা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কক্সবাজারের উখিয়ায় ফেসবুক স্ট্যাটাসে ‘হা হা’ রিয়েক্ট দেওয়াকে কেন্দ্র করে হামলায় ছৈয়দা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের দাবি, ছেলেকে রক্ষা করতে গিয়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মারধরের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন তিনি।

এ ঘটনায় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ এনে ইউনুস নামের এক যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে হামলার অভিযোগে অভিযুক্ত কাউকে আটক করা হয়নি বলে জানা গেছে।

শনিবার রাত আটটার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের টাইপালং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছৈয়দা বেগম স্থানীয় বাসিন্দা ছব্বির আহমদের স্ত্রী।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে টাইপালং মাদ্রাসার দেয়ালে ‘জয় বাংলা’ লেখা নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতারা থানায় এজাহার দিলেও মামলা হয়নি। এরপর থেকেই এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছিল।

এ অবস্থায় শনিবার রাতে স্থানীয় ছাত্রদল নেতা জিসানের একটি ফেসবুক স্ট্যাটাসে ইউনুস ‘হা হা’ রিয়েক্ট দেন। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ইউনুসকে আটক করে মারধর শুরু করেন। তখন স্থানীয় একটি এনজিওতে কর্মরত তার বন্ধু এস এম ইমরান তাকে রক্ষা করতে এগিয়ে যান। এ সময় তাকেও বেধড়ক মারধর করা হয়। পরে খবর পেয়ে ইমরানের মা ছৈয়দা বেগম ঘটনাস্থলে ছুটে আসেন। ছেলেকে বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ পরিবারের সদস্যদের।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, মারধরের একপর্যায়ে ছৈয়দা বেগম গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিহতের সন্তানরা অভিযোগ করেন, স্থানীয় বিএনপি নেতা মিজান সিকদার, আব্দুল করিম, আকাশ, সাইফুল সিকদার, ছৈয়দ বাবুল, মাহবুবুর রহমান, ছালাম সিকদার, ছাত্রদল নেতা জিসান ও অ্যাম্বুলেন্সচালক শামসুল আলমের নেতৃত্বে হামলা চালানো হয়।

তাদের দাবি, পরিকল্পিতভাবে মারধর করে ছৈয়দা বেগমকে হত্যা করা হয়েছে। তবে অভিযুক্তদের কারও বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এদিকে সংঘর্ষের পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ইউনুসকে নিজেদের হেফাজতে নেয়। তবে হামলার অভিযোগে বিএনপি বা ছাত্রদলের কোনো নেতাকর্মীকে আটক করা হয়নি বলে দাবি করেছে নিহতের পরিবার।

জাতীয় ছাত্রশক্তি কক্সবাজার জেলার মুখপাত্র জিনিয়া সারমিন রিয়া ফেসবুকে এক স্ট্যাটাসে দাবি করেছেন, এস এম ইমরান দীর্ঘদিন ধরে স্থানীয় ছাত্রদল ও বিএনপির কিছু নেতাকর্মীর নির্যাতনের শিকার ছিলেন। একটি মিথ্যা মামলায় ফাঁসানোর কারণে তিনি গ্রেপ্তারের ভয়ে পরিবার থেকেও দূরে অবস্থান করছিলেন।

রিয়া লেখেন, ছোট শিশুসন্তানকে দেখতে শনিবার বাড়িতে গেলে ইমরানের ওপর পরিবারের সামনেই হামলা চালানো হয়। এ সময় ছেলেকে বাঁচাতে এগিয়ে এসে প্রাণ হারান তার মা। তিনি অভিযোগ করেন, ঘটনার পর রাজনৈতিকভাবে ইমরানকে ‘ছাত্রলীগের দোসর’ হিসেবে প্রচার করা হচ্ছে, যদিও তিনি জুলাই যোদ্ধা।

তিনি আরও লেখেন, খুনি কোনো দলের হতে পারে না। একই সঙ্গে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের প্রতি জড়িতদের আশ্রয়-প্রশ্রয় না দিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, 'ওই নারী হাসপাতালে মারা গেছেন। কীভাবে তার মৃত্যু হয়েছে, সেটি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের আশঙ্কা, ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে এলাকায় উত্তেজনা আরও বাড়তে পারে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]