বরগুনার পাথরঘাটা উপজেলায় কোস্ট গার্ড একটি বিশেষ অভিযান চালিয়ে ৬টি অবৈধ বেহুন্দী জাল, ১ হাজার ২ শত লিটার ডিজেল, ২ হাজার ৪ শত কেজি সামুদ্রিক মাছ ও একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে। একই সাথে এই ঘটনায় ১২ জন জেলেকে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১১টায় পাথরঘাটা থানাধীন বিশখালী নদীর পরীর খাল সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা এই অভিযান পরিচালনা করে। জব্দকৃত অবৈধ বেহুন্দী জালের আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ টাকা, ডিজেলের মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং সামুদ্রিক মাছের মূল্য ১ লক্ষ ৭০ হাজার টাকা।
আটককৃত জেলেদের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, পাথরঘাটা কর্তৃক ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জব্দকৃত সামুদ্রিক মাছ পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে নিলামে ১ লক্ষ ৭০ হাজার টাকায় বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। জব্দকৃত তেল, জাল ও আর্টিসানাল ট্রলিং বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ আবুল কাশেম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর