• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
  • শেষ আপডেট ১২ সেকেন্ড পূর্বে
মো. নূর আলম
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত : ০৪ জুন, ২০২৬, ১১:১৮ রাত

গোপালপুরে প্রতিমন্ত্রীর গ্রামে হামলা-অগ্নিসংযোগ, নিহত ১

প্রতীকী ছবি

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের গুলিপেঁচা গ্রামে পূর্ব বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় একজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে গুলপেঁচা গ্রামের বাসিন্দা আব্দুল আলিম ফকির (৫০) নিজ বাড়ির পাশের কৃষিজমিতে কাজ করছিলেন।

এ সময় গুলিপেঁচা ও ভুঞাপুর উপজেলার সীমান্তবর্তী জগৎপুরা গ্রামের মধ্যে পূর্বের সংঘর্ষের জের ধরে জগৎপুরা গ্রামের কয়েকজন তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, আব্দুল আলিম ফকিরকে মারধর করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। পরে হেমনগর তদন্ত কেন্দ্রের পুলিশ জগৎপুরা থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

এ ঘটনার জেরে পাল্টাপাল্টি হামলায় গুরুতর আহত হন জগৎপুরা গ্রামের কালাম তালুকদার (৬৫)। তাকে ভুঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে একই দিন সন্ধ্যায় দুর্বৃত্তরা আব্দুল আলিম ফকির ও তার দুই ভাইয়ের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুঞাপুর থানার এসআই মো. আসলাম উদ্দিন জানান, নিহত কালাম তালুকদারের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন গুলিপেঁচা গ্রামে অগ্নিসংযোগের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় ৪০টি গাড়িতে প্রায় পাঁচ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।”

উল্লেখ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, জাতীয় সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু এবং সাবেক উপমন্ত্রী, জাতীয় সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টুর বাড়ির ৫০০গজ দুরে এঘটনা ঘটে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]