দেশের অন্যতম নৈসর্গিক পর্যটনকেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকত। প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ এই সৈকতের সবচেয়ে বড় আকর্ষণ হলো একই স্থান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগের বিরল সুযোগ। এ কারণে সারা বছর দেশি-বিদেশি লক্ষাধিক পর্যটকের পদচারণায় মুখর থাকে এই পর্যটন নগরী।
তবে পর্যটকদের অসচেতনতা এবং যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার অভাবে সৈকতের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত জমা হচ্ছে প্লাস্টিকের বোতল, পলিথিন, খাবারের মোড়কসহ নানা ধরনের কঠিন বর্জ্য। এসব বর্জ্য শুধু সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করছে না, বরং সামুদ্রিক জীববৈচিত্র্য ও উপকূলীয় পরিবেশের জন্যও মারাত্মক হুমকি হয়ে উঠছে।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ ৫ জুন পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন ও COALS Global-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘প্লাস্টিকমুক্ত কুয়াকাটা ২০২৬’ শীর্ষক পরিচ্ছন্নতা অভিযান। দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আগত পাঁচ শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
অভিযানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কুয়াকাটা সমুদ্র সৈকতের বিভিন্ন এলাকা থেকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য সংগ্রহ করেন। পাশাপাশি পর্যটক ও স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে প্রচারণা চালান এবং সৈকত পরিচ্ছন্ন রাখতে সকলের প্রতি আহ্বান জানান।
কর্মসূচিতে প্রধান অতিথি বরিশাল বিভাগীয় কমিশনার(অতিরিক্ত সচিব)খলিল আহমেদ।
বিশেষ অতিথি পটুয়াখালী জেলা পুলিশ সুপার আবু ইউসুফ, বিপিএম (সেবা), পরিবেশ অধিদপ্তর পটুয়াখালী জেলা কার্যালয়ের প্রতিনিধিবৃন্দ, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ, কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম. এ. মোতালেফ শরীফ, টোয়াক ও কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার,ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন ইনচার্জ আহদুজ্জামান,পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন বাবুলসহস্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও উপস্থিত ছিলেন কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সি. এম. সাইফুর রহমান খান, কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদরাসার সুপার সৈয়দ মোহাম্মদ ফারুক, ইমাম সমিতির সভাপতি মাওলানা মাঈনুল ইসলাম মান্নান,পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন।
COALS Global-এর পক্ষে প্রতিনিধিত্ব করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নেহেরিন মাজিদ এবং সুইচ বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মুইনুল আহসান ফয়সাল।
আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টি এবং প্লাস্টিক দূষণ কমানোর লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। একটি পরিচ্ছন্ন, টেকসই ও পরিবেশবান্ধব কুয়াকাটা গড়ে তুলতে সকলের সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য।
উক্ত কর্মসূচির সচিত্র প্রতিবেদন প্রকাশ ও প্রচারের জন্য সংশ্লিষ্ট সকল গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর