নড়াইলে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল পৌরসভার ভাটিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহত ওই দুই শিশুর নাম আবু বক্কর (৫) ও ওমর ফারুক (২)। তারা নড়াইল পৌরসভার ভাটিয়া গ্রামের মাজেদুল শেখের ছেলে।
স্বজনদের সূত্রে জানা যায়, বুধবার সকালে নিজ বাড়ির পাশে দুই ভাই আবু বক্কর ও ওমর ফারুক খেলা করছিল। এ সময় তাদের পরিবারের লোকজন যে যাঁর কাজে ব্যস্ত ছিলেন। এরপর বেশ কিছু সময় ধরে আবু বক্কর ও ওমর ফারুককে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের বাড়ির পাশের একটি পুকুরে দুই ভাইকে ভাসতে দেখেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। একসঙ্গে দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার স্বজন ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, নড়াইল সদর উপজেলার শোলপুর গ্রামের বাপ্পী শেখের দেড় বছরের শিশুপুত্র আব্দুর রহমান খেলার ছলে বুধবার দুপুরে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মারা গেছে।
নড়াইল জেলা হাসপাতালের চিকিৎসক অলোক কুমার বাগচী জানান, ‘পানিতে ডুবে যাওয়া তিনটি শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। তবে এখানে আনার আগেই শিশু তিনটির মৃত্যু হয়েছে।’
শিশুদের মৃত্যুতে দু’টি পরিবার, আত্মীয়-স্বজনসহ প্রতিবেশিদের মাঝে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।#
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর