শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড (ইউনিট-১ ও ২) বেআইনিভাবে বন্ধ ঘোষিত কারখানা পুনরায় চালু এবং শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন-ভাতা, ঈদ বোনাস দ্রুত পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে ভুক্তভোগী শ্রমিকদের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও শতাধিক শ্রমিক অংশগ্রহণ করেন।
মানববন্ধনে শ্রমিকরা অভিযোগ করেন, কারখানা বন্ধ ঘোষণার পরও পূর্বের চুক্তি অনুযায়ী তাদের ন্যায্য পাওনা পরিশোধ করা হয়নি। ফলে শ্রমিক ও তাদের পরিবার চরম আর্থিক সংকটের মধ্যে মানবেতর জীবনযাপন করছে।
বক্তারা দাবি করেন, সরকার ঘোষিত সর্বনিম্ন মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারিত থাকলেও কারখানা কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে শ্রমিকদের মাত্র ৬ হাজার টাকা করে বেতন প্রদান করেছে। একইভাবে তৃতীয় গ্রেডের একজন অপারেটরের সরকারি নির্ধারিত মজুরি ১৬ হাজার ৬২ টাকা হলেও তাদের দেওয়া হয়েছে মাত্র ৮ হাজার টাকা। ২০২৩ সালে নতুন মজুরি কাঠামো ঘোষণার পর থেকে গত তিন বছরে শ্রমিকদের প্রাপ্য মজুরির একটি বড় অংশ কর্তন করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
কর্মসূচিতে উপস্থিত জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি মো. ফরিদুল ইসলাম বলেন, শ্রমিকদের বকেয়া বেতন, কর্তনকৃত মজুরি ও অন্যান্য সকল পাওনা ৭ কর্মদিবসের মধ্যে দ্রুত পরিশোধ করতে হবে। পাশাপাশি তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি।
এসময় আরও বক্তব্য দেন শ্রমিক নেতা মনসুর আলী, মিজানুর রহমান মিজান, ইসমাইল হোসেন ঠান্ডু ও মাসুদ রানা সুলতান। এছাড়া বিভিন্ন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ে প্রয়োজন হলে আরও বৃহত্তর আন্দোলন ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তারা দ্রুত সমস্যা সমাধানে শ্রম মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সরকারি দপ্তর এবং মালিকপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর