সাতক্ষীরার কালিগঞ্জে নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে ইয়াসিন আলী নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার নলতা এলাকায় অবস্থিত নলতা মানব স্বপ্ন হেলথ কেয়ার সেন্টার-এ অভিযান পরিচালনা করে দণ্ড প্রদান করা হয়।
জানা যায়, অভিযুক্ত ইয়াসিন আলী বৈধ চিকিৎসক না হয়েও নিজের নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন বলে অভিযোগ ওঠে। এ সংক্রান্ত তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পেলে তাকে কারাদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খান। আদালত সূত্রে জানা গেছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভুয়া চিকিৎসক ও অননুমোদিত স্বাস্থ্যসেবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা স্বাস্থ্যসেবার নামে প্রতারণা বন্ধে প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর