কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের প্রণোদনা দিতে বরগুনায় কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
রবিবার (২৮ জুন) সকাল ১১টায় বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরগুনা সদর-এর আয়োজনে এ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, "কৃষিই বাংলাদেশের অর্থনীতির অন্যতম ভিত্তি। কৃষকদের আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের বীজ ও প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি সম্ভব। সরকার কৃষকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সবাইকে আবাদযোগ্য জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদনে এগিয়ে আসতে হবে।"
তিনি আরও বলেন, "শুধু খাদ্যশস্য নয়, ফলদ, বনজ ও ঔষধি গাছের চাষ বাড়াতে হবে। এতে যেমন পরিবেশ রক্ষা হবে, তেমনি কৃষকের আয়ও বৃদ্ধি পাবে।" অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শাহ্ আজিজ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা, পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা (পিপিএম-সেবা) এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মৃণাল কান্তি বিশ্বাস। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন।
এ সময় কৃষকদের মাঝে আমন ধানের বীজ, হাইব্রিড মরিচের বীজ, বিভিন্ন জাতের সবজির বীজ, সার এবং নারিকেল, আম, লেবুসহ বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। কৃষকরা সরকারের এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, এ ধরনের সহায়তা কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিকভাবে আরও স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর