বিশ্বকাপের শেষ ষোলোর অন্যতম হাইভোল্টেজ লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ইউরোপের চমক নরওয়ে। পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান অপটা সুপারকম্পিউটারের পূর্বাভাসে এই ম্যাচে স্পষ্টভাবে এগিয়ে রাখা হয়েছে সেলেসাওদের।
অপটার ২৫ হাজার ম্যাচ সিমুলেশনের ফলাফলে দেখা গেছে, নির্ধারিত ৯০ মিনিটে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৩.৬ শতাংশ। নরওয়ের জয়ের সম্ভাবনা ২২.৪ শতাংশ, আর ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২৪ শতাংশ। সব ধরনের সম্ভাবনা বিবেচনায় কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা ব্রাজিলের ৬৫.৬ শতাংশ, যেখানে নরওয়ের সম্ভাবনা ৩৪.৫ শতাংশ।
রাউন্ড অব ৩২-এ জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। অন্যদিকে, আর্লিং হলান্ডের শেষ মুহূর্তের গোলে আইভরি কোস্টকে একই ব্যবধানে হারিয়ে নকআউটের এই ধাপে জায়গা করে নিয়েছে নরওয়ে।
তবে ব্রাজিলের জন্য সবচেয়ে বড় হুমকি হতে পারেন হলান্ড। নরওয়ের এই তারকা ফরোয়ার্ড টানা ১৩টি প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ম্যাচে গোল করেছেন। এই সময়ে তার মোট গোলসংখ্যা ২৫। চলতি বিশ্বকাপেও দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি।
ব্রাজিলের হয়ে দারুণ ফর্মে আছেন মিডফিল্ডার ব্রুনো গিমারায়েস। এবারের বিশ্বকাপে ইতোমধ্যে চারটি অ্যাসিস্ট করেছেন তিনি। ১৯৭০ সালে পেলের ছয় অ্যাসিস্টের পর এক আসরে ব্রাজিলের কোনো ফুটবলারের এটি সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড।
তবে অতীতের পরিসংখ্যান ব্রাজিলের পক্ষে কথা বলছে না। দুই দলের চারটি মুখোমুখি লড়াইয়ে একবারও জয় পায়নি সেলেসাওরা। নরওয়ে জিতেছে দুটি ম্যাচ, বাকি দুটি ড্র হয়েছে। ১৯৯৮ বিশ্বকাপেও গ্রুপ পর্বে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছিল নরওয়ে।
এ ছাড়া ২০০২ সালে বিশ্বকাপ জয়ের পর নকআউট পর্বে ইউরোপের প্রতিপক্ষের বিপক্ষে টানা ছয়বার বিদায় নিয়েছে ব্রাজিল। সেই হতাশার অধ্যায় ভেঙে এবার শেষ আটে ওঠার লক্ষ্য নিয়েই মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
কুশল/সাএ
সর্বশেষ খবর
স্পোর্টস এর সর্বশেষ খবর