ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বাজার থেকে বাড়ি ফেরার পথে আব্দুল বারেক আকন্দ ওরফে মজনু মুন্সি (৫০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
হত্যাকাণ্ডের পর নিহতের ব্যবহৃত মোবাইল ফোন থেকে তার মেয়ের নম্বরে কল করে এক ব্যক্তি বলেন, “আমরা তোমার বাবাকে মারতে চাইনি।”এই ফোনকল ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার (৫ জুলাই) রাত প্রায় ১০টার দিকে উপজেলার ভাংনামারী ইউনিয়নের দুর্বারচর চন্দ্রপাড়া সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল বারেক আকন্দ বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) কুমিল্লা ব্যাটালিয়নের গোয়েন্দা শাখায় কর্মরত মাজহারুল ইসলাম আকাশের বাবা।
খবর পেয়ে গৌরীপুর থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। পারিবারিক সূত্রে জানা যায়, রাতের দিকে চা পান করতে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের স্থানীয় বয়রা বাজারে যান আব্দুল বারেক। বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বারচর মাদ্রাসা সংলগ্ন এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার পথরোধ করে। একপর্যায়ে তাকে বুকসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে রাস্তার পাশের একটি ক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়।
ঘটনার কিছুক্ষণ পর আব্দুল বারেকের ব্যবহৃত মোবাইল ফোন থেকে তার মেয়ের নম্বরে কল করে এক ব্যক্তি বলেন,“আমরা তোমার বাবাকে মারতে চাইনি।”ফোন পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
স্বজনদের দাবি, মৃত্যুর আগে আব্দুল বারেক তাদের জানিয়েছেন, স্থানীয় কয়েকজন যুবক তাকে ছুরিকাঘাত করেছে। নিহতের ছেলে মাজহারুল ইসলাম আকাশ বলেন,“সম্ভবত ছিনতাইয়ের উদ্দেশ্যে বাবার পথরোধ করা হয়েছিল। ছিনতাইকারীদের চিনে ফেলায় তারা বাবাকে ছুরিকাঘাত করে এবং তার সঙ্গে থাকা মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।”গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর