বরগুনার তালতলীর শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কিশোর আসাদুলের (১৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে বঙ্গোপসাগরের মোহনার শুভসন্ধ্যা সৈকতের উত্তর প্রান্তে স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে তালতলী নৌ পুলিশ ক্যাম্প ও তালতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত আসাদুল পার্শ্ববর্তী আমতলী উপজেলার মানিকঝুড়ি গ্রামের মো. মুসার ছেলে।
জানা গেছে, গত মঙ্গলবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে আসাদুলসহ সমবয়সী পাঁচ বন্ধু শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে বেড়াতে যান। সৈকতে ঘোরাঘুরির একপর্যায়ে তারা গোসল করতে সমুদ্রে নামেন। সে সময় কয়েকদিনের নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় প্রবল স্রোতে তারা ভেসে যান।
স্থানীয়দের সহায়তায় চারজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও আসাদুল নিখোঁজ হন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, স্রোতে ভেসে যাওয়ার পর তিনি কিছু সময় মাছ ধরার জন্য সমুদ্রে স্থাপন করা একটি খুঁটি ধরে ছিলেন। তবে পরে সেখান থেকে পানিতে তলিয়ে যান।
খবর পেয়ে নৌ পুলিশ, তালতলী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে প্রায় ৭ থেকে ৮ ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনা করলেও সেদিন তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
শুক্রবার সকালে নিখোঁজের প্রায় তিন দিন পর তার মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
তালতলী নৌ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জিয়াউল ইসলাম বলেন, "শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ হওয়া আসাদুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি তালতলী থানায় নেওয়া হচ্ছে। স্বজনরা চাইলে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।"
স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা উত্তাল সাগরে গোসল না করার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে বৈরী আবহাওয়া বা নিম্নচাপের সময় সমুদ্রসৈকতে নামার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তারা।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর