• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১৭ সেকেন্ড পূর্বে
সোলায়মান বাবু
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত : ১১ জুলাই, ২০২৬, ০৩:০৩ দুপুর

মায়ের ভরণপোষণ মামলায় প্রকৌশলী ছেলে কারাগারে

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মায়ের ভরণপোষণ না দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় প্রকৌশলী রাশেদুল ইসলাম জাকির (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তবে অভিযুক্তের পরিবারের দাবি, পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মামার প্ররোচনায় এ মামলা করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামের বাসিন্দা রাশেদা বেগম (৬৪) তার ছেলে রাশেদুল ইসলাম জাকিরের বিরুদ্ধে পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩-এর ৫(১) ও ৫(৫) ধারায় সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় গত ৮ জুলাই পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

পরিবারের সদস্যদের অভিযোগ, রাশেদা বেগমের বড় ভাই ও স্থানীয় আওয়ামী লীগের নেতা, সাবেক ইউপি চেয়ারম্যান আহাম্মেদ আল ফরিদ দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ সৃষ্টি করে আসছেন। তাদের দাবি, রাশেদা বেগমের নামে থাকা সম্পত্তি ও তার প্রাপ্য পেনশনের অর্থের নিয়ন্ত্রণ নেওয়ার উদ্দেশ্যে তাকে প্ররোচিত করে এ মামলা করা হয়েছে।

পরিবারের ভাষ্য অনুযায়ী, মৃত মোজাম্মেল হক গুঠু তালুকদারের মৃত্যুর পর তার প্রথম পক্ষের সন্তানরা রাশেদা বেগমকে পরিবারের সদস্য হিসেবেই দেখেছেন। তারা বাবার প্রায় চার লাখ টাকা পেনশন সুবিধা ও প্রতি মাসের প্রায় ১৮ হাজার টাকা উত্তোলনের অনুমতিও তাকে দিয়েছেন। তাদের দাবি, মায়ের ভরণপোষণের দায়িত্বও নিয়মিত পালন করা হয়েছে।

গ্রেপ্তারের আগে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাশেদুল ইসলাম জাকির নিজেকে নির্দোষ দাবি করেন। এ সময় তার সৎভাই জাহাঙ্গীর আলম ও বোনেরাও উপস্থিত ছিলেন। তারা বলেন, গত ৬ জুলাই রাশেদা বেগমের বাড়ি ছাড়ার ঘটনাটি পরিকল্পিত এবং মামাদের প্ররোচনায় ঘটেছে। তাদের অভিযোগ, মাকে নিজেদের কাছে রেখে সম্পত্তি ও পেনশনের অর্থ ভোগ করাই মামাদের উদ্দেশ্য।

সৎভাই জাহাঙ্গীর আলম বলেন, "রাশেদা বেগম আমার সৎ মা হলেও আমরা তাকে কখনো আলাদা করে দেখিনি। বাবার পেনশনের টাকাও তার কাছেই দিয়েছি। আমরা চাই তিনি ভুল বোঝাবুঝি দূর করে আবার আমাদের কাছে ফিরে আসুন।"

স্থানীয় বাসিন্দা মাহজাবিন তালুকদার মিম দাবি করেন, রাশেদা বেগম তার নামে থাকা সম্পত্তির একটি বড় অংশ ভাইয়ের নামে লিখে দিয়েছেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল।

রাশেদুল ইসলাম জাকির বলেন, "আমি নিয়মিত মায়ের ভরণপোষণ দিতাম। বাবার পেনশনের অর্থ মা নিজেই এবং তার ভাই ভোগ করেন। সম্পত্তির স্বার্থে মামা এসব করাচ্ছেন।"

অভিযুক্তের পরিবারের আনা অভিযোগের বিষয়ে আহাম্মেদ আল ফরিদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, "মায়ের দায়ের করা মামলার ভিত্তিতেই রাশেদুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত ও আদালতের পরবর্তী নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]