ফরিদপুর সদর উপজেলার খলিলপুর বিলডাঙ্গা গ্রামে বৃষ্টির সময় কাঁঠাল গাছের নিচে আশ্রয় নিতে গিয়ে বজ্রপাতে সাব্বির মোল্লা (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা দুই বন্ধু অক্ষত রয়েছেন।
সোমবার (১৩ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত সাব্বির মোল্লা ওই গ্রামের কাশেম মোল্লার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বৃষ্টি শুরু হলে সাব্বির তার দুই বন্ধুকে নিয়ে বাড়ির পাশের একটি কাঁঠাল গাছের নিচে আশ্রয় নেয়। এ সময় হঠাৎ গাছের পাশেই বজ্রপাত হলে তিনজনই ছিটকে পড়ে।
এতে সাব্বির গুরুতর আহত হলেও তার দুই বন্ধু অক্ষত থাকে। পরে স্থানীয়রা দ্রুত সাব্বিরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলের বিষয়ে অবগত হয়।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “বজ্রপাতে এক কিশোরের মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর