জামালপুরের সরিষাবাড়ী খাদ্য গুদামের ৬৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত নতুন অফিস ভবনের একাংশ ভারী বর্ষণে ধসে গেছে। ভবনটির বিভিন্ন স্থানে বড় ধরনের ফাটল দেখা দেওয়ায় বাকি অংশও ঝুঁকিতে রয়েছে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সোমবার ভারী বৃষ্টির পর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার জন্য নির্মিত ভবনের একাংশ মাটির নিচে দেবে যায়। একই সঙ্গে ভবনের বিভিন্ন স্থানে বড় বড় ফাটল এবং বাউন্ডারি ওয়ালেও ফাটল সৃষ্টি হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে সরকারি অর্থায়নে প্রায় ৬৬ লাখ টাকা ব্যয়ে ২০২২ সালে ভবনটি নির্মাণ করা হয়। তবে নির্মাণের পর দুই বছর পার হলেও সেখানে কোনো দাপ্তরিক কার্যক্রম শুরু হয়নি। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে ভবনটি শুরু থেকেই ঝুঁকিপূর্ণ ছিল এবং উদ্বোধনের পর দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল।
মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেন জামালপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান খান। এ সময় উপজেলা খাদ্য কর্মকর্তা শামছুল হক, সরিষাবাড়ী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবিনা খাতুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য কর্মকর্তা শামছুল হক বলেন, খাদ্য গুদাম এলাকায় বৃষ্টির পানি নিষ্কাশনের পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এবং ড্রেনেজ পাইপের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ভবনের নিচে মাটি সরে গিয়ে এ ধসের ঘটনা ঘটেছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান খান বলেন, “ভারী বর্ষণে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ভবনের নিচের মাটিতে ভাঙন সৃষ্টি হয়েছে। এতে ভবনের একাংশ দেবে গেছে এবং বাকি অংশও ঝুঁকির মধ্যে রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত প্রকৌশলগত তদন্ত ও প্রয়োজনীয় সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।”
ঘটনার পর ভবনটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকৌশলগত তদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর