মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় সুজানগর থানার ওসি মোজাফফর হোসেন ও কনস্টেবল সবুজ হোসেন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোররাত সাড়ে ৪টার দিকে পাবনার সুজানগর উপজেলার মথুরাপুর এলাকার দোপপাড়ায় এ ঘটনা ঘটে।
পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার মধ্যরাতে বিশ্বকাপ ফুটবলের একটি বিশেষ ম্যাচ থাকায় মথুরাপুর এলাকায় ভোররাত পর্যন্ত ফুটবল খেলা ঘিরে উৎসাহ-উদ্দীপনা ছিল। পুলিশের দাবি, এই সুযোগ কাজে লাগিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল ওহাবের নেতৃত্বে কয়েকজন নেতা-কর্মী নাশকতার পরিকল্পনা করছিলেন—এমন গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টহল দল অভিযান চালায়।
পুলিশ জানায়, দুটি গাড়িতে করে পুলিশ সদস্যরা মথুরাপুরের দোপপাড়া এলাকায় গেলে তাদের উপস্থিতি টের পেয়ে স্থানীয় একটি মসজিদের মাইক থেকে ঘোষণা দেয়া হয়। এরপর শতাধিক নেতা-কর্মীর সঙ্গে আরও কয়েকশ সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয় এবং ওসিসহ দুই পুলিশ সদস্য আহত হন।
পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আব্দুল ওহাবের নেতৃত্বেই এ হামলা চালানো হয়। তবে অভিযোগ অস্বীকার করে আব্দুল ওহাব বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি দাবি করেন, পুলিশের অভিযানের কারণে তিনি এলাকায় যেতে পারেন না, তাই ঘটনাস্থলে উপস্থিত থাকার প্রশ্নই আসে না।
আব্দুল ওহাবের ভাষ্য, রাতে খেলা দেখার পর স্থানীয় কিছু যুবক সেখানে খিচুড়ি রান্না করে খাচ্ছিলেন। এ সময় পুলিশ গিয়ে কয়েকজনকে আটক করলে স্থানীয় বাসিন্দা ও নারীরা ঘর থেকে বের হয়ে তাদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ধস্তাধস্তির ঘটনায় পুলিশের গাড়িতে আঘাত লাগে এবং দুই পুলিশ সদস্য আহত হন বলে তিনি শুনেছেন।
পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ জানান, হামলায় ওসিসহ দুই পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর