বাহরাইন ও কুয়েতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যে ইরানের এই নতুন হামলাকে ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত বলে মন্তব্য করেছে আবুধাবি।
সোমবার (২০ জুলাই) এক বিবৃতিতে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাহরাইন ও কুয়েতের বিরুদ্ধে চালানো এই হামলা আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের পদক্ষেপ শুধু সংশ্লিষ্ট দুই দেশের নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলছে না, বরং গোটা উপসাগরীয় অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক বিরোধ বা উত্তেজনা কখনোই সামরিক হামলার মাধ্যমে সমাধান করা যায় না। বরং সংলাপ, কূটনৈতিক উদ্যোগ এবং আন্তর্জাতিক আইন মেনে চলাই শান্তি প্রতিষ্ঠার একমাত্র কার্যকর পথ।
আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, বাহরাইন ও কুয়েতের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি ইউএইর পূর্ণ সমর্থন অব্যাহত থাকবে। পাশাপাশি দেশ দুটি নিজেদের জনগণ ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে যে পদক্ষেপ গ্রহণ করছে, তার প্রতিও পূর্ণ সমর্থন জানানো হয়েছে।
এদিকে, ইরানের সাম্প্রতিক হামলার পর উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। একাধিক আরব দেশ পরিস্থিতির অবনতি রোধে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে এবং সব পক্ষকে উত্তেজনা না বাড়িয়ে কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে আসার অনুরোধ করেছে।
বিশ্লেষকদের মতে, ইরান ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে চলমান উত্তেজনা যদি দ্রুত নিয়ন্ত্রণে আনা না যায়, তবে তা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বর্তমানে পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে আঞ্চলিক ও আন্তর্জাতিক মহল।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর