ভারতে প্রশ্নফাঁস ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি থেকে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী ও দলটির বেশ কয়েকজন শীর্ষ নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার এই ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবন থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও কংগ্রেস নেতারা প্রধানমন্ত্রী মোদির সরকারি বাসভবনের উদ্দেশে পদযাত্রা শুরু করেন। প্রশ্নফাঁস এবং শিক্ষার্থীদের প্রতি সরকারের আচরণের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এনডিটিভি জানায়, বিক্ষোভস্থলে রাহুল গান্ধী সড়কে বসে অবস্থান নিলে পুলিশ তাকে সেখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ধস্তাধস্তির মধ্যে তার নাকে আঘাত লাগে এবং রক্তপাতের ঘটনাও ঘটে। পরে তাকে, প্রিয়াঙ্কা গান্ধীসহ অন্য নেতাদের আটক করে বাসে তুলে নিয়ে যায় পুলিশ।
প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভ চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং ঘটনাস্থলে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে কয়েক দফা আলোচনা করেন। তবে আলোচনায় কোনো সমঝোতা হয়নি।
কংগ্রেসের দাবি, প্রশ্নফাঁসের ঘটনায় সংসদে বিস্তারিত আলোচনা করতে হবে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। দলটির নেতাদের অভিযোগ, সরকার তাদের দাবি না মানায় আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
অন্যদিকে জিতেন্দ্র সিং দাবি করেন, প্রথমে সংসদে আলোচনা হলেই বিক্ষোভ প্রত্যাহারের ইঙ্গিত দিলেও পরে রাহুল গান্ধী শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও যুক্ত করেন।
এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়, সন্ধ্যার দিকে পুলিশ বিক্ষোভ ছত্রভঙ্গ করে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কংগ্রেসের একাধিক নেতা-কর্মীকে আটক করে।
আটকের আগে রাহুল গান্ধী সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, "শিক্ষার্থীদের ওপর আঘাত মানে ভারতের প্রতিটি পরিবারের ওপর আঘাত। প্রশ্নফাঁসের জবাব সরকারকে দিতেই হবে।" পরে পুলিশি অভিযানের সময় তিনি মন্তব্য করেন, "ভারতে গণতন্ত্রের বর্তমান চিত্র আপনারা দেখছেন।"
সাজু/নিএ
সর্বশেষ খবর