ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে ২,০৪০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার (২২ জুলাই) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির নেতৃত্বে কোতোয়ালি মডেল থানাধীন চুরখাই এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তি হলেন মো. আশিক সারোয়ার (৪০)। তিনি নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গোহালাকান্দা গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে। এ সময় তার কাছ থেকে ২,০৪০ পিস ইয়াবা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) আজগর আলী বাদী হয়ে গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর