একটি শিক্ষিত, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এখন সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। সেই লক্ষ্যকে সামনে রেখে বরগুনায় জেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী মতবিনিময় সভা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার প্রায় ২০০ জন প্রধান শিক্ষক অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার।
তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করলেই হবে না, তাদের দক্ষ, সৃজনশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য বিদ্যালয়ভিত্তিক কার্যকর পরিকল্পনা এবং শিক্ষক-অভিভাবক-প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
মতবিনিময় সভায় শিক্ষার সার্বিক মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়মুখী করা, পাঠদানের গুণগত মান বৃদ্ধি, সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং বিদ্যালয় ত্যাগের প্রবণতা কমানোর বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। বক্তারা শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় অংশ নেওয়া প্রধান শিক্ষকরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের নানা সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়নের প্রয়োজনীয় দিকগুলো তুলে ধরেন। তারা অবকাঠামোগত উন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা, শিক্ষক সংকট নিরসন এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, জেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শিরিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রথীন্দ্র নাথ বিশ্বাস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, জেলা তথ্য কর্মকর্তা এবং জেলা কালচারাল কর্মকর্তা।
আলোচনা শেষে জেলার মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং আগামী প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভাটি শিক্ষা খাতে নতুন কর্মপরিকল্পনা প্রণয়ন এবং শিক্ষাবান্ধব জেলা গঠনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর