গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের সাহসী হস্তক্ষেপে বন্ধ হলো ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহ।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার মুনশুরপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই বিয়ে পণ্ড করে দেওয়া হয়। একইসাথে বাল্যবিবাহের আয়োজনের দায়ে কনের বাবাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরোয়ার লিমা।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. রাকিব (৩৪), তিনি কালীগঞ্জ পৌরসভার মুনশুরপুর এলাকার মৃত আব্দুল মিয়ার ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, মুনশুরপুর এলাকায় এক স্কুলছাত্রীর বাল্যবিবাহের আয়োজন চলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে ঝটিকা অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে দেখা যায়, কনে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সরকারি জন্ম নিবন্ধন অনুযায়ী তার বয়স এখনো ১২ বছর পূর্ণ হয়নি। অপ্রাপ্তবয়স্ক ওই কিশোরীর বিয়ের সকল প্রস্তুতি সম্পন্ন থাকলেও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মুহূর্তেই বিয়েবাড়ি বিষাদে রূপ নেয়।
পরবর্তীতে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা মোতাবেক অপরাধ স্বীকার করায় কনের বাবা মো. রাকিবকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়। অভিযানে বেঞ্চ সহকারী হিসেবে সহযোগিতা করেন মাহবুবুল ইসলাম।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরোয়ার লিমা বলেন, “বাল্যবিবাহ একটি সামাজিক অভিশাপ এবং এটি একটি দণ্ডনীয় অপরাধ। একটি অপ্রাপ্তবয়স্ক মেয়ের শারীরিক ও মানসিক বিকাশে এটি মারাত্মক অন্তরায়। আমরা খবর পাওয়া মাত্রই বিয়েটি বন্ধ করেছি এবং আইনের ব্যত্যয় ঘটায় কনের বাবাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। কালীগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত রাখতে আমাদের এই কঠোর অবস্থান এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, বাল্যবিবাহ বন্ধে অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি পাড়া-প্রতিবেশী ও স্থানীয় জনসাধারণদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
উল্লেখ্য, প্রশাসনের এমন তাৎক্ষণিক হস্তক্ষেপে ষষ্ঠ শ্রেণির ওই মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন অকালেই ঝরে পড়ার হাত থেকে রক্ষা পাওয়ায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। প্রশাসনের এই জিরো টলারেন্স নীতিকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর