পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো: শাহজাহান। এছাড়াও তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকালে নোয়াখালী সদর উপজেলার পৌরপার্কে জেলা কৃষকদলের উদ্যােগে বৃক্ষরোপণের সময় এসব মন্তব্য করেন তিনি।
সংসদ সদস্য আরো বলেন, বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমরা যদি আজ বেশি বেশি গাছ লাগাই এবং সেগুলোকে সঠিকভাবে পরিচর্যা করি, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। পরিবেশ রক্ষাকে সামাজিক আন্দোলনে পরিণত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন,বর্তমান সরকার পরিবেশ সংরক্ষণ ও বনভূমি সম্প্রসারণে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগ সফল করতে সরকারি প্রচেষ্টার পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। শিক্ষা প্রতিষ্ঠান,সরকারি-বেসরকারি অফিস, ধর্মীয় প্রতিষ্ঠান এবং প্রতিটি পরিবারে বৃক্ষরোপণের সংস্কৃতি গড়ে তুলতে হবে। ক্রমবর্ধমান তাপমাত্রা, বায়ুদূষণ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ ও বন সংরক্ষণ অত্যন্ত প্রয়োজন।ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর পাশাপাশি বিদ্যমান গাছ সংরক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে ব্যাপকভাবে বৃক্ষরোপণে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আজাদ, জেলা বিএনপির সদস্য রবিউল আলম পলাশ, সদস্য শহীদুল ইসলাম কিরণ, জেলা কৃষক দলের সভাপতি ফজলে এলাহী পলাশ, সাধারণ সম্পাদক জিএস হারুনসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর