উপসাগরীয় অঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের নতুন সামরিক অভিযানের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হচ্ছে। শুক্রবার (২৪ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে বাহরাইন ও কুয়েত। হামলার সময় বাহরাইনে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। একই সঙ্গে জর্ডানে অবস্থিত আল-আজরাক মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী।
আল জাজিরা জানায়, ইরাকের এরবিল শহরের কাছে একটি ড্রোন বিধ্বস্ত হওয়ার পর সাময়িকভাবে বন্ধ থাকা এরবিল আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় চালু করা হয়েছে। এর আগে শহরটিতে ড্রোন হামলার ঘটনা ঘটে।
এদিকে, অধিকৃত পশ্চিম তীরের নাবলুস এবং আশপাশের গ্রামগুলোতে ব্যাপক সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। অবৈধ ইসরায়েলি বসতি হাভাত গিলাদ-এর কাছে বন্দুকযুদ্ধে চার ফিলিস্তিনি ও দুই ইসরায়েলি নিহত হওয়ার পর এই অভিযান শুরু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এ ছাড়া ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে আল জাজিরা জানায়, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে করণীয় নিয়ে আলোচনার জন্য ওমানের একটি প্রতিনিধি দল তেহরানে পৌঁছেছে।
এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, তারা টানা ১৩তম রাতের মতো ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে। ইরানের গণমাধ্যমের তথ্য অনুযায়ী, খোররামাবাদ, জাস্ক, আহভাজ, বন্দর আব্বাস এবং কেশম দ্বীপে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ইরানি গণমাধ্যমের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, আহভাজের কাছে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চারজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। এছাড়া খোররামাবাদ ও বন্দর আব্বাসে পৃথক হামলায় আরও দুইজন করে আহত হয়েছেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় অঞ্চলে পাল্টাপাল্টি হামলা, হরমুজ প্রণালির নিরাপত্তা সংকট এবং পশ্চিম তীরে ইসরায়েলের নতুন সামরিক অভিযান মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও জটিল ও বিস্তৃত করে তুলছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর